দিল্লীঃ দেশে লকডাউনের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা। বুধবার দেশের প্রধান রাজনৈতিক দলের সংসদীয় নেতাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে এমন ইঙ্গিতই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ দিনের ওই ভিডিয়ো বৈঠকে প্রধানমন্ত্রী গোটা দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন। সংসদীয় নেতাদের কাছ থেকেও তিনি জানতে চান, তাঁদের কী অভিজ্ঞতা এবং করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের কী পরামর্শ।
সূত্র্রের খবর, পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী রাজনৈতিক ওই নেতাদের বলেন, ‘‘গোটা দেশ এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। অনেকটা জাতীয় জরুরি অবস্থার মতো পরিস্থিতি। সেখানে দেশের প্রয়োজনে, দেশবাসীর প্রয়োজনে বেশ কিছু অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিতে হচ্ছে।” এ দিন ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ‘‘সবার পরামর্শ শুনে মনে হচ্ছে, লকডাউন প্রত্যাহার করা খুব একটা সহজ নয়। আমাদের আধিকারিকরা জেলা স্তর পর্যন্ত যোগাযোগ রাখছেন। সেখান থেকেও যে অভিজ্ঞতার কথা জানা যাচ্ছে বা গোটা বিশ্বের যা অভিজ্ঞতা তাতে, লকডাউনেই সবাই আস্থা রেখেছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে। মানুষের প্রাণ রক্ষা করতে।”