বাংলা নিউজঃ শুক্রবার সকাল ৬টা নাগাদ মেচেদার এক নম্বর মিনি মার্কেটের মাছের আড়তে এক মৎস্যজীবী ওই কচ্ছপ বিক্রি করতে আসেন। ব্যাগ থেকে সেটিকে বের করার পর মাছ ব্যবসায়ীরা বুঝতে পারেন এটি সামুদ্রিক কচ্ছপ। কচ্ছপ বিক্রি আইনত অপরাধ। তাই অন্য মাছ ব্যবসায়ীরা ওই মৎস্যজীবীকে বসিয়ে রেখে খবর দেন বন দফতরে। ততক্ষণে প্রায় ১৬ কিলোগ্রাম ওজনের কচ্ছপটিকে দেখতে ভিড় জমে যায় বাজারে। ভিড়ের সুযোগ নিয়ে ওই মৎস্যজীবী সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
খবর পেয়ে বন দফতরের পাঁশকুড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার অনির্বাণ মিত্র ও বনকর্মী অতুলচন্দ্র ভৌমিক পৌঁছে যান মেচেদায়। তাঁরা কচ্ছপটি অলিভ রিডলে প্রজাতির বলে জানান। এর পর বন দফতরের পক্ষ থেকে কচ্ছপটিকে নিয়ে শঙ্করপুর ও তাজপুরের মাঝামাঝি জায়গায় সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। ডেপুটি রেঞ্জার অনির্বাণ মিত্র বলেন, ‘‘সমুদ্রে ছাড়ার সময় কচ্ছপটি বেশ চাঙ্গা ছিল। মনে হচ্ছে এটিকে কয়েক ঘণ্টা আগেই ধরা হয়েছিল। এলাকার মানুষকে ধন্যবাদ, ওঁরা কচ্ছপটিকে বিক্রি হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন। এটা বন দফতরের প্রচারের সুফল।’’