নিউজ ডেস্কঃ আইআইটি ক্যাম্পাস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থাকা রেলবস্তির ঝুপড়িতে সন্ধ্যা হলেই ভিড় জমে। ক্রেতাদের বেশিরভাগই নতুন প্রজন্মের। তার মধ্যে খড়্গপুর আইআইটির অনেক পড়ুয়াও রয়েছেন। দরজা ঠক-ঠক করে ধাক্কা দিয়ে ১০০ টাকা বাড়িয়ে দিলেই হাতে আসে পুরিয়া। বাইরে থেকে সেটিকে দেখতে হোমিওপ্যাথি ওষুধের মতো হলেও সেটি আসলে গাঁজা। এমনই অভিযোগ পেয়ে সোমবার রাতে পুরীগেট সংলগ্ন সুভাষনগর রেলবস্তিতে অভিযান চালাল সিআইডি ও খড়্গপুর টাউন পুলিশ। নেতৃত্বে ছিলেন সিআইডির নারকোটিক্স বিভাগের ওসি সন্দীপ গঙ্গোপাধ্যায় ও টাউন আইসি রাজা মুখোপাধ্যায়।
সিআইডি সূত্রে খবর, সেখানে তল্লাশি চালিয়ে খাটের তলা থেকে দু’টি বস্তা ও শৌচাগার থেকে বেশ কিছু পুরিয়া উদ্ধার হয়। গ্রেফতার হয় গাঁজা কারবারে যুক্ত ওই ঝুপড়ির বাসিন্দা সঞ্জয় দোলুইকে। সবমিলিয়ে প্রায় ২২ কেজি ৩২৫ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। তার বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। সঞ্জয়ের বিরুদ্ধে ‘নারকোটিক ড্রাগস অ্যাণ্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ বা এনডিপিএস আইনে মামলা রুজু করেছে খড়্গপুর টাউন থানা।
গঞ্জিকা কাহিনি
• আইন: গাঁজা পেলেই এনডিপিএস ধারায় মামলা। গাঁজার নেশাও আইনত দণ্ডনীয়।
• আমদানি: ওড়িশার জলেশ্বর, কটক এলাকা থেকে।
• কোন পথে আসছে: রেল ও সড়কপথ।
• বিক্রির মাধ্যম: বাড়ি, পান-চা দোকানে গোপনে বিক্রি।
• দাম: ১০ গ্রাম গাঁজার পুরিয়ার দাম ১০০-১২০টাকা।