বাংলা খবরঃ সেখানে দাঁড়িয়েই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথে নামা দল ও সংগঠন এবং পাকিস্তানকে এক মেরুতে এনে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! কংগ্রেস-সহ বিরোধী শিবিরকে তাঁর ‘পরামর্শ’, ‘‘আন্দোলন করতে হলে পাকিস্তানের কার্যকলাপের বিরুদ্ধে করুন।’’মোদী ক্ষমতায় আসার পর থেকেই তাঁর সরকারের কাজ নিয়ে সব ধরনের বিরোধিতাকে ‘রাষ্ট্রদ্রোহ’ বলে দাগিয়েছে বিজেপি। সিএএ-এনআরসি-র বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন শুরু হওয়ার পরে গোড়ায় একে শুধুমাত্র ‘মুসলিমদের বিক্ষোভ’ হিসেবেই দেখানোর চেষ্টা করেছিল তারা। কিন্তু ‘সাফল্য’ মেলেনি।এই অবস্থায় আজ মোদী দু’টি কৌশল নিয়েছেন। এক, সিএএ-র বিরোধিতাকে ‘সংসদের বিরোধিতা’ বললেন। সিদ্ধগঙ্গা মঠে তিনি বলেন, ‘‘কংগ্রেস, তাদের সহযোগীরা এবং তাদের তৈরি ইকোসিস্টেম দেশের সংসদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’’ যা শুনে বিরোধীরা বলছেন, ‘এই আন্দোলন সংসদ নয়, মোদীর বিভাজনকারী কার্যকলাপের বিরুদ্ধে।’
দ্বিতীয় কৌশলে প্রধানমন্ত্রী সিএএ-এনআরসি-র বিরুদ্ধে আন্দোলনের মুখ ঘোরাতে চেয়ে পাকিস্তানকে টেনে এনে বলেছেন, সে-দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নিপীড়নের বিরুদ্ধে বিরোধীরা মুখ খুলছেন না কেন? মোদীর এই কৌশলকে বিজেপি-সঙ্ঘের মেরুকরণের চেষ্টা বলেই দেখছে বিরোধীরা। মোদী বলেন, ‘‘আন্দোলন করতে হলে গত ৭০ বছরে পাকিস্তানের কুকীর্তির বিরুদ্ধে করুন। স্লোগান দিতে হলে পাকিস্তানে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের বিরুদ্ধে দিন। মিছিল করতে হলে পাকিস্তানের দলিত-পীড়িত-শোষিতদের সমর্থনে মিছিল করুন।’
মোদীর এমন দাওয়াই নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাঁরা বলছেন, মোদী সব সময়েই পাকিস্তানের জুজু দেখান। ভোটের সময়েও, বিক্ষোভেও। তাঁদের কটাক্ষ, মোদী শাসনে কৃষি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য— সব ক্ষেত্রে সমস্যায় ভুগছে দেশ। আর উনি দেশবাসীকে বলছেন, সে-সব নিয়ে কথা না-বলে পাকিস্তানের সমস্যা নিয়ে আন্দোলন করতে! সিপিএমের পলিটবুরো সদস্য নীলোৎপল বসু বলেন, ‘‘আপনি আচরি ধর্ম...। মোদী নিজে কেন পাকিস্তানের বিষয় নিয়ে আন্দোলন করছেন না? মোদী জমানায় গোটা দেশ যখন সঙ্কটে, তখন প্রতিবেশী দেশের সমস্যা নিয়ে বিরোধীদের আন্দোলন করতে বলা নিয়ে ওঁর জ্ঞান কেউ শুনবে না।’’