শুক্রবার খড়্গপুর শহরে ভগবানপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এখানকার তৃণমূল নেতারা কোনও নিয়ম মানেননি। ইচ্ছাকৃতভাবে মানুষকে বিপন্ন করেছেন। এই শহর এখন করোনা হাবে পরিণত হয়েছে। এদিন মেদিনীপুরে অপর এক কর্মসূচিতে তিনি বলেন, খড়্গপুরে করোনার জন্য চেয়ারম্যান, কাউন্সিলারদের বিরুদ্ধে থানায় এফআইআর করা উচিত। কারণ, তাঁরা কেউ সামাজিক দূরত্ববিধি মানেননি। লকডাউনও মানেননি।
রাজ্য সভাপতি বলেন, খড়্গপুর পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান নিজামুদ্দিন ফেরতদের নিয়ে সাতদিন ধরে শহরে ঘুরে বেরিয়েছেন। বিদায়ী চেয়ারম্যানও সব জায়গায় গিয়েছেন। পুলিস আধিকারিকরা একসঙ্গে গল্প করেছেন, খেয়েছেন। এভাবে সারা শহরে করোনা ছড়িয়ে পড়েছে। আমাদের দলের পক্ষ থেকে খড়্গপুরের পাড়া, মহল্লায় বাড়ির দরজা স্যানিটাইজড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিলীপবাবু বলেন, করোনা, উম-পুনের জোড়া ধাক্কায় যেটুকু সাধারণ মানুষকে সাহায্য করার প্রয়োজন ছিল, সেটা রাজ্য সরকার করেনি। কেন্দ্রীয় সরকার পাশে দাঁড়িয়েছে। মানুষের বাড়ি-ঘর ভেঙে গিয়েছে। কিন্তু, তাঁরা ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন না। যাঁদের বাড়ি ভালো রয়েছে, তাঁরা ক্ষতিপূরণের টাকা পেয়ে যাচ্ছেন। বঞ্চিত মানুষের চোখের সামনেই এসব হচ্ছে। মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নামছেন। প্রতিটি পঞ্চায়েতে ক্ষতিগ্রস্তদের তালিকা টাঙানোর জন্য আমি মুখ্যমন্ত্রীকে বলেছি।