দিদির রান্নাঘর-এ মাত্র ৫ টাকায় ডাল-ভাত-সব্জি

2nd October 2020 2:54 pm পশ্চিমবঙ্গ
দিদির রান্নাঘর-এ মাত্র ৫ টাকায় ডাল-ভাত-সব্জি


বারাকপুর: হাতে টাকা নেই। পাতে নেই ভাত। এই অবস্থায় বারাকপুর বিধানসভা এলাকার দরিদ্র মানুষদের জন্য মাত্রা পাঁচ টাকায় ‘দিদির রান্নাঘর’ চালু হল। বারাকপুরের প্রশাসক উত্তম দাস, টিটাগড়ের প্রশাসক প্রশান্ত চৌধুরী এবং বারাকপুর মহকুমার আইএনটিটিইউসি’র সভাপতি লালন পাসোয়ানের উদ্যোগে ১৫০টি ক্লাবের সমন্বয়ে এই রান্নাঘরে নিত্যদিন এক হাজার মানুষ মাত্র পাঁচ টাকার বিনিময়ে ভাত-ডাল-তরকারি খেতে পারবেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে  সব মহলই।
বৃহস্পতিবার বারাকপুর বিএন বসু জেনারেল হাসপাতাল সংলগ্ন বিটি রোডের উপরে এই রান্নাঘর তৈরি করা হয়েছে। রান্নাঘরে অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য বারাকপুর এবং টিটাগড় পুরসভার চারটি করে ওয়ার্ডে খাবার পৌঁছে দেওয়া হবে। মাছ-মাংস-ডিমও মাঝেমধ্যে দেওয়া হবে বলে এ দিন স্থির হয়েছে। একবেলা করে এই খাবার পরিবেশন করা হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে। পরবর্তী মাসগুলিতে এই কর্মসূচি চলবে কি না, তা দু’টি পুরসভার প্রশাসক বৈঠকে বসে স্থির করবেন। রাজ্যের বিভিন্ন এলাকায় শ্রমজীবী ক্যান্টিন চালু করে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে বাম শিবির। তাঁরা মাত্র ২০ টাকায় খাবার পৌঁছে দিয়েছেন গরিব মানুষের হাতে। শাসকদলও পিছিয়ে থাকতে নারাজ। তাই মাত্র পাঁচ টাকায় খাদ্য পরিবেশনের উদ্যোগ।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck