বাংলার বেকারদের তালিকা তৈরি করে ২৮শে কেন্দ্রে জমা দেবে ডিওয়াইএফ

4th February 2020 পশ্চিমবঙ্গ
বাংলার বেকারদের তালিকা তৈরি করে ২৮শে কেন্দ্রে জমা দেবে ডিওয়াইএফ


কলকাতা: নাগরিকপঞ্জি বা এনআরসি নয়, এখন সারা দেশে আগে দরকার বেকারদের তালিকা। এরজন্য ন্যাশনাল রেজিস্টার অব বেরোজগার বা এনআরবি তৈরির প্রক্রিয়া চালু করেছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। আপাতত সংগঠনের পশ্চিমবঙ্গ ইউনিট এই কাজ শুরু করেছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে ২৫ হাজারের বেশি বেকার যুবক-যুবতীর বায়োডেটা অনলাইন ও অফলাইনে জমা পড়েছে সংগঠনের নির্দিষ্ট পোর্টালে। আগামী ২৮ ফেব্রুয়ারি দিল্লির যন্তরমন্তরে জমায়েত করে রাজ্য থেকে যাওয়া ডিওয়াইএফের নেতৃত্ব এই তালিকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যাবে। দেশের এক নম্বর ক্ষমতাবান ব্যক্তির কাছে তারা দাবি জানাবে, গোটা দেশে যে চরম বেকারত্ব তৈরি হয়েছে, ভারতের নাগরিকদের সামনে আগে সেই তালিকা আনুক মোদি সরকার। তাই এনআরসি নয়, আগে এনআরবি তৈরির প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিন প্রধানমন্ত্রী।
সোমবার সাংবাদিক বৈঠকে সংগঠনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, এর আগে রাজ্যের বেকারদের সমস্যা নিয়ে আমরা গত ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযান করেছিলাম। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিস অকথ্য অত্যাচার চালিয়েছিল হাজার হাজার বিক্ষোভকারীর উপর। এবার দিল্লিতে যাব আমরা। আগে ঠিক ছিল, ১২ তারিখ যন্তরমন্তরে ওই জমায়েত হবে। কিন্তু দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য পুলিস সেই অনুমতি দেয়নি। আমরা তাই এবার ২৮ তারিখ ওই কর্মসূচির দিন ঠিক করেছি। সেদিন পুলিস অনুমতি না দিলেও কর্মসূচি হবেই। এনআরবি তৈরির ব্যাপারে বাংলাকে মডেল রাজ্য হিসেবে দেখেছি আমরা। এরপর গোটা দেশেই সংগঠন এই কর্মসূচি চালানোর কথা ভাবছে। কারণ, গত ৪৫ বছরে বেকারত্ব এখন শিখরে পৌঁছেছে। দেশের আর্থিক দুরবস্থা চরমে উঠেছে। সায়নদীপ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি কর্মসংস্থান সহ উত্তরবঙ্গের অন্যান্য ইস্যু নিয়ে উত্তরকন্যা অভিযান করা হবে। তার আগে পাহাড়ের জেলাগুলিতে এনআরবি নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালানো হবে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck