News: শনিবার পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠের সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপিতে যোগ দিলেন ৯ বর্তমান বিধায়ক (MLA) , এক সাংসদ (MP), এক প্রাক্তন সাংসদ (Ex-MP) ও রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী (Ex Minister)। পাশাপাশি যোগ দিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বও। তবে বিধানসভা নির্বাচনের আগে ছয় সংখ্যালঘু নেতার দলবদল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
ছয় নেতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটাই হল কবিরুল ইসলাম। তিনি তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক ছিলেন। শুক্রবারই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এরপর শনিবার অমিত শাহের সভা থেকে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন। এছাড়া রয়েছেন রাজ্যস্তরের তৃণমূল নেতা অধ্যাপক ওইদুল হক, হুগলির প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান, বীরভূমের দাপুটে নেতা করম হুসেন খান, হুগলির নেতা আলমগীর মোল্লা। তাঁদের যোগদান নিসন্দেহে বাংলায় গেরুয়া শিবিরের সংগঠন মজবুত করতে সাহায্য করবে। পাশাপাশি, সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল করতে সাহায্য করবে বলেই ধারনা ওয়াকিবহাল মহলের।
শনিবার বিজেপির হাত ধরলেন শুভেন্দু–ঘনিষ্ঠ বলে পরিচিত বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডল। বিজেপিতে যোগ দেন রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিধায়কদের মধ্যে আছেন কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পূর্ব বর্ধমানের বিধায়ক সৈকত পাঁজা, গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস এবং নাগরাকাটার বিধায়ক সুকরা মুণ্ডা। হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল, তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা এবং পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখার্জি এদিন বিজেপিতে যোগ দেন।
কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সন্ময় ব্যানার্জি, তৃণমূলনেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং ছয়জন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা যোগ দেন বিজেপিতে। কলেজ মাঠের সভায় বিজেপির তরফে উপস্থিত ছিলেন, মুকুল রায়, দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি, রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীয়।