News: যদি কোনও সিদ্ধান্ত নিই, শনিবার দুপুর দুটোয় জানাব’—ফেসবুকের এই পোস্ট ঘিরেই রাজনৈতিক মহলে গুঞ্জন বেড়েছে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে নিয়ে। কী সিদ্ধান্ত নেবেন তিনি, তা জানতে রাজনীতির কারবারীদের মধ্যেও কৌতুহল তুঙ্গে। শুরু হয়েছে আলোচনাও।
বুধবার বিকেলে ‘শতাব্দী রায় ফ্যানস ক্লাব’-এর তরফে ফেসবুকে একটি পোস্ট করা হয়। তাতে বীরভূম জেলার শতাব্দীর নির্বাচনী কেন্দ্রের মানুষদের প্রতি বার্তা দেওয়া হয়েছে। পোস্টের শেষে লেখা শতাব্দী রায়ের নাম। যেখানে ইংরেজি নতুন বছর সকলের ভালো কাটুক, তার শুভেচ্ছা জানানো হয়েছে। তারপরই লেখা হয়েছে, ‘ইদানীং অনেকে আমাকে প্রশ্ন করছেন, কেন বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না। তাঁদের বলছি যে, আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। কিন্তু মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই।’ পোস্টে প্রশ্ন তোলা হয়েছে, ‘বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানলে আমি যাব কী করে? এনিয়ে আমারও মানসিক কষ্ট হয়।’ গত ১০ বছরের কথা উল্লেখ করে জানানো হয়েছে, শতাব্দী রায় ২০০৯ সালে এলাকার মানুষের সমর্থন নিয়ে লোকসভায় গিয়েছেন। আপ্রাণ চেষ্টা করেছেন এলাকার মানুষের জন্য কাজ করতে।
দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে আগেই তিনি জানিয়েছেন, শনিবার দুপুর ২টোয় ফেসবুক লাইভ করে নিজের সিদ্ধান্ত জানাবেন। তখন থেকেই শতাব্দী বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়। কিন্তু শুক্রবার তিনি জানান, অন্য সিদ্ধান্তও হতে পারে। কী সেই সিদ্ধান্ত? শতাব্দী বললেন, ‘‘আজকের দিনটা নিজেকে সময় দিয়েছি। নিজের কাছেই নিজের অনেক প্রশ্ন রয়েছে। যা সিদ্ধান্ত জানানোর শনিবারই জানাব।’’