প্রধানমন্ত্রী একজন ‘গণহত্যাকারী’, ফেসবুকে মন্তব্য করে ধৃত অধ্যাপক

1st March 2020 পশ্চিমবঙ্গ
প্রধানমন্ত্রী একজন ‘গণহত্যাকারী’, ফেসবুকে মন্তব্য করে ধৃত অধ্যাপক


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ‘গণহত্যাকারী’। দিল্লির হিংসার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য করে গ্রেপ্তার হলেন শিলচরের একটি কলেজের অতিথি অধ্যাপক সৌরদীপ সেনগুপ্ত। যদিও তিনি মন্তব্যটি পোস্ট করার পর পরই ক্ষমা প্রার্থনা করে পাল্টা পোস্ট করেছিলেন। কিন্তু তাতেও রেহাই মেলেনি। গতকাল রাতে শিলচরের ইটখোলা এলাকায় তাঁর বাড়ি থেকে সৌরদীপকে গ্রেপ্তার করে অসম পুলিস। কলেজ ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগের ভিত্তিতে সৌরদীপের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন শিলচরের জেলা পুলিস সুপার মানবেন্দ্র দেবরায়।
শিলচরের গুরুচরণ কলেজে পদার্থবিদ্যার অতিথি অধ্যাপক সৌরদীপ। দিল্লির ঘটনার পর থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি পোস্ট করে বিতর্কে জড়ান তিনি। প্রতিটি পোস্টেই তিনি নিশানা করেছিলেন মোদিকে। বাদ রাখেননি আরএসএস ও বিজেপিকেও। দিল্লিতে হিংসা ছড়ানোর জন্য সৌরদীপ কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। একটি পোস্টে তিনি মন্তব্য করেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলেন একজন গণহত্যাকারী। দিল্লিতে উত্তেজনা সৃষ্টির পিছনে বিজেপি নেতারা দায় এড়াতে পারেন না।’ এখানে থেমে না থেকে আরএসএস ও বিজেপিকেও একহাত নিয়েছিলেন সৌরদীপ। পরের একটি পোস্টে তিনি মন্তব্য করেন, ‘দিল্লিতে গোধরা কাণ্ডের পুনর্নির্মাণ করতে চাইছে আরএসএস ও বিজেপি।’ একইসঙ্গে সৌরদীপের অভিযোগ, ‘ধর্মকে সামনে রেখে নির্দয়ভাবে অত্যাচার চালানো হয়েছে দিল্লিতে।’
সৌরদীপের এই পোস্টের পরেই রে রে করে ওঠেন কলেজ ছাত্রছাত্রীদের একাংশ। প্রতিবাদে সরব হওয়ার পাশাপাশি অধ্যাপকের বিরুদ্ধে পুলিসের কাছে এফআইআরও দায়ের করেন তাঁরা। পরিস্থিতি ঘোরালো হচ্ছে বুঝেই পাল্টা পোস্ট করে ক্ষমাপ্রার্থনা করেন সৌরদীপ। ওই পোস্টে তিনি বলেন, ‘একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আমার এসব মন্তব্য করা উচিত হয়নি। তাছাড়া বিশেষ কোনও সম্প্রদায়কে আঘাত করাও আমার লক্ষ্য ছিল না। এর জন্য আমি অত্যন্ত দুঃখিত ও মর্মাহত।’ সৌরদীপের এই ক্ষমাপ্রার্থনাতেও কোনও কাজ হয়নি। ছাত্রছাত্রীদের ওই অংশের অভিযোগ, প্রধানমন্ত্রীর সম্পর্কে মর্যাদাহানিকর মন্তব্য দেশবিরোধিতার শামিল। ধর্মীয় উত্তেজনা সৃষ্টিতে শিক্ষকের ফেসবুক-পোস্ট ইন্ধন জোগাবে বলেও তাঁদের দাবি। শেষমেষ ছাত্রছাত্রীদের ওই অংশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে সৌরদীপকে গ্রেপ্তার করে পুলিস।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck